আমার প্রিয় মা!
আমার প্রিয় মা!
মা আমার মা হয়েছেন
তখন ছিলেন কিশোরী
নেপথলিনের গন্ধ ভরা
রঙ্গিন পাড়ের শাড়ী।
বিয়ের পরে রাতারাতি
হলেন পূর্ণ নারী
জীবন তখন ব্যস্ত ভীষন
রান্না বাসন হাড়ি ।
মায়ের মাথার সুবাসী তেল
গন্ধ মিষ্টি ভারী
কাজের তালে রিনিঝিনি
ছন্দে মাতে চুড়ি।
দীঘল দেহে দীঘল কেশে
দীঘল গাঁথা বিনুনী
দুলিয়ে দুলিয়ে ঘর গোছানো
রূপোয় বাঁধা চিরুনী।
আঁচল কোণায় চাবির গোছা
দুলছে যেন দোলনী
মাথার প'রে ঘোমটা টানা
ব্যস্ত ঘরের ঘরনী।
পরিপাটি বসন ভূষন
কাজলটানা চাহনী
হাজার গুনে গুনান্বিতা
দয়াবতী রমনী।
বয়স এপার ওপার হলো
লাগলো না তো তরণী
ছিলেন তখন কিশোরী বধূ
এখন প্রৌঢ়া জননী।

No comments